দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সংসদ সদস্যদের ভোটেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দুপুরের পর সংসদ ভবনের অধিবেশন কক্ষে উপস্থিত হন সংসদ সদস্যরা। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তারা ভোট প্রদান করছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোটার। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকা দলের প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ কারণে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
ভোটগ্রহণ শেষে গণনা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।