তাইওয়ানে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি, বেসামরিক জাহাজ দিয়ে ভাসমান সেতু নির্মাণের মহড়া চীনের

তাইওয়ানে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে সেনা ও ভারী সামরিক সরঞ্জাম উপকূলে পৌঁছাতে বেসামরিক জাহাজ ব্যবহারের কৌশল পরীক্ষা করছে চীন। এ লক্ষ্যে তাইওয়ান-সংলগ্ন ফুজিয়ান প্রদেশের দাচেং উপসাগরে কয়েক সপ্তাহ ধরে উভচর সামরিক মহড়া চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, একাধিক জাহাজ একসঙ্গে যুক্ত করে প্রায় ৮০০ মিটার দীর্ঘ অস্থায়ী ভাসমান সেতু তৈরি করা হয়েছে।

চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। তবে বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে তাইপে। দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টিও নাকচ করেনি চীন।

বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্র এবং ভূস্থানিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইঞ্জেনিস্পেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ নভেম্বর দাচেং উপসাগরে এই মহড়ার বিষয়টি শনাক্ত করা হয়। ১ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ধারণ করা স্যাটেলাইট চিত্রে জাহাজগুলোকে উপসাগরে চলাচল করে অস্থায়ী ভাসমান সেতু তৈরি এবং পরে তা সরিয়ে ফেলতে দেখা গেছে।

ইঞ্জেনিস্পেসের প্রধান পরিচালন কর্মকর্তা জেসন ওয়াংয়ের মতে, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তুলনামূলক কম দৃশ্যমান কিছু কৌশল অনুশীলন করছে, যা প্রথম দ্বীপপুঞ্জ এলাকায় সম্ভাব্য সামরিক অভিযানে সেনাদের রসদ সরবরাহে কাজে লাগতে পারে। গভীর পানিতে অবস্থানরত জাহাজ থেকে ভারী সরঞ্জাম ও সামরিক উপকরণ তীরে আনতে বেসামরিক জাহাজ ব্যবহার করা হলে তাইওয়ানের উপকূলের আরও বিস্তৃত অংশে অবতরণের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে অবগত এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারও দাচেং উপসাগরে মহড়া চলছিল। এলাকাটি তাইওয়ানের মূল ভূখণ্ড থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইঞ্জেনিস্পেসের বিশ্লেষণ অনুযায়ী, মহড়ায় আটটি বেসামরিক জাহাজ অংশ নেয়। এর মধ্যে ছিল চারটি বার্জ, দুটি সেমি-সাবমার্সিবল এবং দুটি ইঞ্জিনচালিত জাহাজ। এ ছাড়া চারটি ল্যান্ডিং ক্রাফট, কয়েকটি ছোট সহায়ক নৌযান এবং কাছাকাছি চীনা নৌবাহিনীর জাহাজের উপস্থিতিও দেখা গেছে। তবে ভাসমান সেতু নির্মাণের জন্য বিশেষভাবে তৈরি কোনো সরঞ্জাম শনাক্ত হয়নি। বিশ্লেষকদের ধারণা, বিদ্যমান বেসামরিক জাহাজ ব্যবহার করেই যুদ্ধকালীন অবতরণ অবকাঠামো তৈরির সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে চীন।

ওই নিরাপত্তা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ছোট ছোট দ্বীপ দ্রুত দখলের অনুশীলনও ছিল মহড়ার অন্যতম উদ্দেশ্য। জাপান থেকে তাইওয়ান হয়ে ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত দ্বীপমালাকে প্রথম দ্বীপপুঞ্জ বলা হয়। মহড়াটি চীনের চলতি বছরের ‘অল-মিলিটারি স্ট্র্যাটেজিক এক্সারসাইজ’-এর অংশ হতে পারে। আগের বছরগুলোর তুলনায় এবার নিয়মিত এই মহড়া কিছুটা দেরিতে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

মহড়া নিয়ে মন্তব্য জানতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার অঞ্চলটিতে পিএলএর সাম্প্রতিক সামরিক তৎপরতা সম্পর্কে জানতে চাওয়া হলে চীন জানায়, তাদের প্রশিক্ষণ কার্যক্রম ‘সম্পূর্ণ বৈধ ও যুক্তিসংগত’।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দাচেং উপসাগরে বেসামরিক জাহাজের অংশগ্রহণসহ চীনের সামরিক কর্মকাণ্ড সম্পর্কে তারা অবগত। তাইওয়ান প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এসব তৎপরতার সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা হচ্ছে।

এশিয়ায় কর্মরত সামরিক অ্যাটাশেদের মতে, তাইওয়ান প্রণালির মতো বিস্তৃত জলরাশি অতিক্রম করে উভচর অভিযান পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় চীন উপকূলীয় মহড়ার কৌশল আরও উন্নত করছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সামরিক বাহিনীও এসব তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

দাচেং উপসাগরের কাছেই রয়েছে দংশান দ্বীপ। ২০২৪ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বীপটি পরিদর্শন করেন। শীতল যুদ্ধের সময় সেখানে পিএলএর একটি উল্লেখযোগ্য সামরিক বিজয়ের ঘটনা ঘটে। ১৯৫৩ সালে চীনা বাহিনী তাইওয়ানে আশ্রয় নেওয়া রিপাবলিক অব চায়নার বাহিনীর আক্রমণ প্রতিহত করে। ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট বাহিনীর কাছে গৃহযুদ্ধে পরাজিত হওয়ার পর ওই বাহিনী তাইওয়ানে আশ্রয় নিয়েছিল।

এদিকে, মহড়ার এলাকায় যোগাযোগব্যবস্থায় জ্যামিং বা বেতার সংকেত বাধাগ্রস্ত করার তৎপরতার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন জেসন ওয়াং। এ বিষয়ে তিনি একটি অস্পষ্ট সিনথেটিক অ্যাপারচার রাডার (এসএআর) ছবির কথা উল্লেখ করেন।

এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও দাচেং উপসাগরে বেসামরিক রো-রো পণ্যবাহী জাহাজ ব্যবহার করে উভচর অবতরণ মহড়া চালিয়েছিল চীন। গত বছরের আগস্টে গুয়াংডং প্রদেশের দক্ষিণ উপকূলেও একই ধরনের মহড়ার তথ্য প্রকাশ করেছিল রয়টার্স।

ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার মতে, সাম্প্রতিক মহড়া থেকে স্পষ্ট হচ্ছে, দ্বীপপুঞ্জকেন্দ্রিক অভিযানের ওপর চীনা সামরিক বাহিনীর গুরুত্ব বাড়ছে। তবে এই মহড়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে চীনের সক্ষমতা কতটা বাড়বে, তা নিয়ে অতিরিক্ত আশাবাদী না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘নতুনত্ব আর কল্পনার মধ্যে এখনো যথেষ্ট দূরত্ব রয়েছে।’ যুদ্ধের পরিস্থিতিতে বার্জগুলো প্রতিপক্ষের হামলার সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Related posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড প্ল্যাটফর্মে বড় সাইবার হামলা

গাজায় হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলেকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা, নিহত ৪