গাজায় ভয়াবহ ঝড়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৩ লাখের বেশি ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শক্তিশালী ঝড় ও বৈরী আবহাওয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এতে জরাজীর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করা ১৩ লাখের বেশি ফিলিস্তিনি চরম ঝুঁকিতে পড়তে পারেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া এক সতর্কবার্তায় গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ মানুষ বসবাসের অনুপযোগী তাঁবুতে দিন কাটাচ্ছেন। ভারী বৃষ্টিতে প্রায় দুই লাখ জরাজীর্ণ তাঁবু এবং এক হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত যেসব ভবনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন, সেগুলোও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেন তিনি।

মাহমুদ বাসাল বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে আমরা একটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছি।’

পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। ঝড় আঘাত হানার আগেই প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ, বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা এবং জরুরি সেবাগুলো সচল রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি।

বাসাল আরও জানান, গাজার উদ্ধারকারী দলগুলো চরম সরঞ্জাম সংকটে রয়েছে। জ্বালানি, লুব্রিকেন্ট, টায়ার, ব্যাটারি, খুচরা যন্ত্রাংশ, উদ্ধারকাজের যানবাহন ও পানির পাম্পের তীব্র ঘাটতি রয়েছে। আসন্ন দুর্যোগ মোকাবিলায় পৌরসভাগুলোরও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা জরুরি।

তিনি বলেন, বৃষ্টির পানি থেকে বাস্তুচ্যুত মানুষকে রক্ষা করতে ক্ষতিগ্রস্ত তাঁবুর পরিবর্তে উন্নত ও টেকসই তাঁবু সরবরাহ করতে হবে। পাশাপাশি তাঁদের বসবাসের এলাকাগুলোর অবকাঠামো সংস্কারে জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দ প্রয়োজন। এসব উদ্যোগের মাধ্যমে অন্তত ন্যূনতম মানবিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

মাহমুদ বাসালের ভাষায়, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের অধিকার, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা সুস্পষ্টভাবে লঙ্ঘিত হচ্ছে। শীত মৌসুমে গাজাবাসীর জন্য এটিই শেষ দুর্যোগ হবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি মনে করেন, প্রয়োজনীয় ত্রাণ ও সরঞ্জাম দ্রুত সরবরাহ করা হলে আসন্ন দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। তবে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ও নিষ্ক্রিয় থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

বাসাল বলেন, ‘বিশ্বের প্রতিটি মানুষের নিরাপত্তার দায়িত্ব গোটা বিশ্বের ওপর। দায়িত্বশীল সব পক্ষকেই মানবতাকে রক্ষা করতে হবে।’

এর আগে গত ৬ নভেম্বর গাজায় আঘাত হানে শক্তিশালী ঝড়। ওই সময় মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বাস্তুচ্যুতদের তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে পড়ে। এতে দুই নারী ও তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হন বলে জানায় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

গাজার শীতকালীন জরুরি সাড়া বিষয়ক উচ্চপর্যায়ের কমিটির তথ্য অনুযায়ী, ওই ঝড়ে ৭০ হাজারের বেশি তাঁবু পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন প্রায় সাড়ে তিন লাখ ফিলিস্তিনি।

এদিকে, গত ১৩ নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তীব্র শীতজনিত কারণে নয় মাস বয়সী শিশু কিনান আহমেদ আরকিকের মৃত্যু হয়েছে। চলতি শীত মৌসুমে ঠান্ডাজনিত কারণে এটিই ছিল প্রথম মৃত্যুর ঘটনা। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শীত মৌসুমে প্রচণ্ড ঠান্ডায় গাজায় ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছিল।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজাবাসী এখন চতুর্থ শীতের মুখোমুখি। দীর্ঘ সংঘাতে উপত্যকাটির ঘরবাড়ি, অবকাঠামো ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

বাসস্থান হারিয়ে কয়েক লাখ ফিলিস্তিনি এখন তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন। এসব আশ্রয়স্থলে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা কিংবা শীত নিবারণের প্রয়োজনীয় ব্যবস্থাও নেই।

এর মধ্যে নতুন করে ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ আরও বেড়েছে। দ্রুত প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানো না গেলে গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Related posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড প্ল্যাটফর্মে বড় সাইবার হামলা

গাজায় হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলেকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা, নিহত ৪