বিষয়শ্রেণীহীন

শ্রমিকরা কাজে না ফেরায় গাজীপুরের ১৩ পোশাক কারখানা বন্ধ

স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতির জেরে গাজীপুরের শিল্পাঞ্চলে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরও বেশ কয়েকটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে। শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৫ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শ্রমিকদের একটি অংশ। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে শ্রমিকেরা সড়ক ছেড়ে দেন।

এ ছাড়া মহানগরীর কোনাবাড়ী, জরুন ও কাশিমপুর এলাকার একাধিক কারখানায় শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসেন, ফলে ওই সব প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হয়। শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা আন্দোলন চালিয়ে আসছেন। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডসহ মৌচাক ও কোনাবাড়ী এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের এই প্রভাব গাজীপুরের পাশাপাশি সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। সেখানেও বেশ কিছু কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং কারখানা বন্ধের খবর পাওয়া গেছে, যা দেশের পোশাক রপ্তানি খাতে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়ে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। আগামীকালের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবনা জমা দেবে বলে জানা গেছে। ফলে বোর্ডের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন শ্রমিক ও মালিকপক্ষ।

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার প্রায় ২ হাজার ১০০টি পোশাক কারখানার মধ্যে বন্ধ হওয়া ১৩টি ছাড়া বাকিগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ যেকোনো সময় কারখানাগুলো পুনরায় চালু করতে পারবে। শিল্পাঞ্চলে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শিল্পসংশ্লিষ্টরা মনে করছেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দ্রুত সমঝোতা না হলে উৎপাদন ও শ্রমিকদের জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। তাই ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তাঁরা।