আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনেক শিক্ষক ও শিক্ষার্থীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি এ উদ্বেগের কথা জানায়।

প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, শান্তিপূর্ণ রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ব্যবস্থা নেওয়াও মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা ও সংগঠন করার অধিকারের পরিপন্থি।

সংস্থাটির মতে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক মতপ্রকাশ নিয়ন্ত্রণে এ ধরনের পদক্ষেপ অতীতের সরকারগুলোর নেওয়া দমনমূলক উদ্যোগেরই পুনরাবৃত্তি।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিতর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ধরনের আলোচনা নিয়ে ভয় পাওয়ার কথা শুধু স্বৈরশাসকদের, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে গঠিত কোনো সরকারের নয়।

তিনি আরও বলেন, অতীতের দমন-পীড়নের অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়া উচিত। ক্ষমতাসীন ও বিরোধী দলের অবস্থান পরিবর্তন হলেই যেন আগের দমন-পীড়নের পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে হবে।

Related posts

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

দীর্ঘ অপেক্ষার অবসান, সেন্টমার্টিনে পর্যটকবাহী ৩ জাহাজ চলাচল শুরু

দিনব্যাপী সফরে খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান