বাংলাদেশে আগামী ৫ বছরে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

মিল্লাত ডেস্ক:বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান। জাপানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘নিক্কেই এশিয়া’-র এক প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এই বিপুল পরিমাণ বিনিয়োগের অর্থ সংস্থানের বিষয়ে জাপান সরকার ইতিপূর্বে সম্মতি জানিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যকার আসন্ন শীর্ষ বৈঠক শেষে যৌথ বিবৃতির মাধ্যমে এই বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

নিক্কেই এশিয়া জানিয়েছে, এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলা করা এবং বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের আকর্ষনীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলাই জাপানের মূল লক্ষ্য। জাপানের এই বিনিয়োগের অর্থ মূলত বাংলাদেশের অটোমোবাইল শিল্প, উৎপাদন খাত এবং বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। এছাড়া ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে’ জাপানি কোম্পানিগুলোর নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

প্রসঙ্গত, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে ‘অর্থনৈতিক অংশীদারি চুক্তি’ (ইপিএ) স্বাক্ষরিত হয়। আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয় দেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর এই সফরে জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ ও ডিজিটাল উদ্ভাবনসহ নানা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে প্রায় ৮টি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে ৩ থেকে ৪টি স্মারক স্বাক্ষরিত হতে পারে।

উল্লেখযোগ্য যে, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো মেগা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিন ধরে অর্থায়ন ও কারিগরি সহযোগিতা দিয়ে আসছে দেশটি।

Related posts

বাংলাদেশ ব্যাংকের অর্থ উদ্ধারের মামলা: মার্কিন আইন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

টানা উত্থানের পর বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম