বাগেরহাট পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, স্বাভাবিক কার্যক্রম বন্ধ

রুম্মান মাহমুদ শৈশব, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বৈদ্যুতিক সরঞ্জাম ‘অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর’ (এভিআর) মেশিন পুড়ে গেছে। এর ফলে পাসপোর্ট দেওয়ার কাজসহ সব ধরনের স্বাভাবিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দিনভর সেবা নিতে এসে অনেক আবেদনকারীকে বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছে।

এর আগে রোববার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে সার্ভার কক্ষে থাকা ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আগুনের বিষয়টি টের পান সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা তাৎক্ষণিকভাবে সার্ভার কক্ষের দরজা খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা মেলে। অগ্নিকাণ্ডে সার্ভার, কম্পিউটার কিংবা গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষতি হয়নি।

অফিস সূত্রে জানা যায়, এভিআর মেশিনটি পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় সোমবার থেকে ছবি তোলা, আবেদনপত্র গ্রহণ ও পাসপোর্ট বিতরণসহ সব কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান জানান, অতিরিক্ত বৈদ্যুতিক চাপের (লোড) কারণে এই আগুন লাগে। মূলত লোডশেডিংয়ের পর একযোগে বিদ্যুৎ সরবরাহ চালু হওয়ায় এভিআর মেশিনটিতে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এভিআর মেশিনটি মেরামতের জন্য পাঠানো হয়েছে। এটি ঠিক হলে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও স্বাভাবিক সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সহকারী পরিচালক জানান, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দুর্গাপূজার ছুটি এবং শুক্র ও শনিবার সরকারি ছুটি রয়েছে। ফলে সাধারণ ছুটির কারণে এই দিনগুলোতে এমনিতেও অফিস বন্ধ থাকত, তাই গ্রাহকদের খুব বেশি ভোগান্তিতে পড়তে হবে না। সর্বোপরি সার্ভারের অন্য কোনো সরঞ্জাম বা নথিপত্রের ক্ষতি না হওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।

Related posts

মহা-রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর, সরকারের পরিকল্পনা ‘‘ফার্স্ট কলিং পোর্ট” এ রুপান্তরিত করা

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিক বর্তমান সরকার: কেসিসি প্রশাসক

খুলনা ও বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী