Home আজকের মিল্লাত কাশিমপুরে পামওয়েলকে সয়াবিন তেল নামে বিক্রি, জরিমানা ২ লাখ টাকা

কাশিমপুরে পামওয়েলকে সয়াবিন তেল নামে বিক্রি, জরিমানা ২ লাখ টাকা

A+A-
Reset

ফারুক আহমদ :

গাজীপুর মহানগরীর কাশিমপুরে পামওয়েল তেলকে ভুয়া ব্র্যান্ডের সয়াবিন তেল হিসেবে বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে ‘পপুলার বেকারি’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গাজীপুর কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে মহানগরীর কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের লস্করচালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, একটি চক্র অবৈধভাবে পামওয়েল তেল সংগ্রহ করে বোতলজাত করার পর ‘গাজী পিউর সয়াবিন তেল’ নামে বাজারজাত করে আসছিল। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পামওয়েল তেলকে সয়াবিন তেল হিসেবে বাজারজাত ও প্যাকেটজাত করার পক্ষে কোনো বৈধ কাগজপত্র বা সরকারি অনুমোদন পাওয়া যায়নি। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ২৯ ধারা অনুযায়ী অভিযুক্ত মেহেদী হাসানকে দুই লাখ টাকা নগদ জরিমানা করা হয়।

এদিকে, একই দিন কাশিমপুর থানার কাজী মার্কেট এলাকায় ‘পপুলার বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ক্রেতারা।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা