সুন্দরবনে ২৬০ টন ইন্দোনেশীয় কয়লাসহ কার্গো জাহাজ আটক, গ্রেপ্তার ৯

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে অভিযান চালিয়ে ২৬০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি বাল্কহেড কার্গো জাহাজসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে জাহাজটি আটক করা হয়। এ সময় জাহাজে থাকা কয়লার কোনো বৈধ কাগজপত্র বা মালিক পাওয়া যায়নি।

আটক ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুরনবী (৩০), এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবির হোসেন (৩০)। তাঁদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

রোববার রাতে শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে তাঁর নেতৃত্বে বনরক্ষীরা ভোলা নদীতে অভিযান চালিয়ে কয়লাবোঝাই জাহাজটি আটক করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা মোংলার পশুর নদীর জয়মনি এলাকার একটি মাদার ভ্যাসেল থেকে ২৬০ টন ইন্দোনেশীয় কয়লা বোঝাই করেন। পরে নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে কয়লা পাচারের চেষ্টা করছিলেন তাঁরা। রোববার সন্ধ্যায় জাহাজটি শরণখোলা স্টেশন ঘাটে আনা হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, বন বিভাগ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related posts

মহা-রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর, সরকারের পরিকল্পনা ‘‘ফার্স্ট কলিং পোর্ট” এ রুপান্তরিত করা

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিক বর্তমান সরকার: কেসিসি প্রশাসক

খুলনা ও বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী