বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। রোববার (১৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইন্সের ওএস৮২ নম্বর ফ্লাইটের এয়ারবাস এ৩২০-২০০ বিমানটি রোমানিয়া সীমান্তের কাছাকাছি পৌঁছালে বোমা হামলার হুমকি পাওয়া যায়। পরে নিরাপত্তার স্বার্থে একটি মিগ-২৯ যুদ্ধবিমানের পাহারায় বিমানটিকে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।
বিমানটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন। অবতরণের পর সবাইকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, বিমানটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পরে জরুরি বার্তা পাঠানোর পর সেটি সোফিয়ার দিকে গতিপথ পরিবর্তন করে।
এ ঘটনায় একটি সংকট মোকাবিলা দল গঠন করা হয়েছে। পাশাপাশি বোমা হামলার হুমকির উৎস ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এর আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে এক ফার্স্ট অফিসার পাইলটকে আক্রমণ করে আত্মঘাতী হামলার চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
ঘটনার পর ইসরায়েল সরকার দেশটিতে আসা সব বিমানের পাইলটদের পরিচয় পুনরায় যাচাই করার নির্দেশ দেয়।
সূত্র: আল জাজিরা