ইউক্রেনে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার

2223945138

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে রাশিয়ার কাছে ৬০ দিনের যুদ্ধবিরতি চেয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মস্কো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে, নির্বাচন হলে শুধু ভোটের দিন হামলা বন্ধ রাখতে প্রস্তুত রাশিয়া। সোমবার (১২ অক্টোবর) ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি চায় না। মস্কোর লক্ষ্য দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি।

এর আগে রোববার এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, ‘পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিতে। ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দিতে। আমরা নির্বাচন আয়োজন করব।’

জেলেনস্কির এ প্রস্তাবের জবাবে পেসকভ বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে নির্বাচন আয়োজনের বিষয়ে সত্যিই আগ্রহী হলে রাশিয়ার প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ভ্লাদিমির পুতিন ভোটের দিন হামলা না চালানোর নির্দেশ দিতে প্রস্তুত থাকবেন। তবে এ সিদ্ধান্ত কেবল নির্বাচনের দিনের জন্যই প্রযোজ্য হবে।

পেসকভ আরও বলেন, প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বারবার জানিয়েছেন, তাঁরা যুদ্ধবিরতি চান না, বরং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা করতে চান। সেই লক্ষ্য অর্জনে সম্ভাব্য সবকিছু করতে রাশিয়া প্রস্তুত।

দীর্ঘদিন ধরে ইউক্রেনে নির্বাচন আয়োজনের জন্য চাপ দিয়ে আসছে রাশিয়া। মস্কোর দাবি, নির্বাচন না হওয়ায় জেলেনস্কির প্রেসিডেন্ট হিসেবে বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ইউক্রেনের আইন অনুযায়ী, যুদ্ধকালীন সময়ে নির্বাচন আয়োজনের ওপর বিধিনিষেধ রয়েছে।

এদিকে রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহ নিয়ে বিতর্কের মধ্যে জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলারও সমালোচনা করেছেন তিনি।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’

এর আগের দিন রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহের বিষয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের চুক্তির ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন জেলেনস্কি। তাঁর অভিযোগ, রাশিয়া থেকে ডিজেল সরবরাহের ক্ষেত্রে মার্কিন বাধা তুলে নেওয়ায় মস্কো ইউক্রেনে আরও হামলা চালানোর সাহস পাচ্ছে।

Related posts

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় জেট বিমান বিধ্বস্ত, নিহত ৯

ইউক্রেনের ওলেশকিতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ

ওয়ারীতে বাসায় কুশের ল্যাব, যুক্তরাষ্ট্রফেরত তৌসিফ গ্রেপ্তার