Home আজকের মিল্লাত মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা, টেনেসির কারা বিভাগের প্রধানের পদত্যাগ

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা, টেনেসির কারা বিভাগের প্রধানের পদত্যাগ

A+A-
Reset

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করতে ব্যর্থ হওয়ার পর অঙ্গরাজ্যের কারা বিভাগের প্রধান ফ্র্যাঙ্ক স্ট্রাডা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গভর্নর বিল লি জানিয়েছেন, চলতি মাসেই দায়িত্ব ছাড়বেন স্ট্রাডা।

শনিবার (৩ অক্টোবর) বিল লি এ তথ্য জানান। এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। তাকে দুই দফা পেন্টোবারবিটাল ইনজেকশন দেওয়া হলেও তার মৃত্যু হয়নি। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

ক্রিস্টার আইনজীবীরা জানিয়েছেন, তিনি অচেতন অবস্থায় রয়েছেন এবং ভেন্টিলেটরের সহায়তায় শ্বাস নিচ্ছেন। আইনি নথিপত্র অনুযায়ী, তাকে টেনেসির ন্যাশভিলের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারা বিভাগের প্রধান ফ্র্যাঙ্ক স্ট্রাডা বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দুই ডোজ ইনজেকশন দেওয়ার পরও ক্রিস্টা বেঁচে যাওয়ার ঘটনায় তদন্ত চলছে। টেনেসিবাসীর স্বার্থে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড গত বুধবার সকাল ১০টায় কার্যকরের কথা ছিল। তা কার্যকর হলে দুই শতাব্দীর বেশি সময় পর টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া প্রথম নারী হতেন তিনি। তবে দুই দফা ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যান ক্রিস্টা। পরে তার আইনজীবীরা সাজা কমানোর আবেদন করেন।

ক্রিস্টার আইনজীবীরা স্ট্রাডার পদত্যাগকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন। তবে তারা বলেছেন, এতে ক্রিস্টার তাৎক্ষণিক কোনো উপকার হবে না। এক বিবৃতিতে তারা বলেন, বুধবার ক্রিস্টার সঙ্গে যা ঘটেছে, তা টেনেসির মৃত্যুদণ্ড কার্যকর ব্যবস্থায় ‘পদ্ধতিগত ব্যর্থতার’ ইঙ্গিত দেয়। তারা পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের মাধ্যমে এই ব্যবস্থার গভীর সমস্যাগুলো চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন।

আইনি নথিতে বলা হয়েছে, ইনজেকশন দেওয়ার সময় ক্রিস্টাকে কাঁদতে এবং জোরে জোরে শ্বাস নিতে শোনা গেছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি অচেতন ছিলেন এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছিল।

এদিকে টেনেসির কারা বিভাগ মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতির পক্ষে অবস্থান নিয়ে জানিয়েছে, নির্ধারিত প্রোটোকলের বাইরে অতিরিক্ত কোনো প্রক্রিয়া অনুমোদিত নয়। তবে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আবার চেষ্টা করা হবে কি না, তা এখনো জানায়নি কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রক্রিয়াটিতে কোনো ভুল হয়েছিল কি না, সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংরক্ষণের জন্য গত শুক্রবার জরুরি আবেদন করেছেন ক্রিস্টার আইনজীবীরা।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা