Home আজকের মিল্লাত সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৭

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৭

A+A-
Reset

সিরিয়ার হোমস প্রদেশে যাত্রীবাহী একটি বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) মাসিয়াফ সেতু পার হওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা বাসটিতে গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা এ তথ্য জানিয়েছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে সানা জানায়, হামলার পর আহতদের হোমস প্রদেশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটিতে একটি প্রতিষ্ঠানের কর্মীরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

হামলার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হোমসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসেম মুহাম্মদ শাবান বলেছেন, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, হোমস প্রদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হিসেবেই হামলাটিকে দেখা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এদিকে বাসে হামলার কয়েক ঘণ্টা আগে রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘৌতায় একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেইর আলি, আল-নাসিরিয়াহ ও তিশরিন—এই তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে সিরিয়ার বিদ্যুৎ কোম্পানি।

সিরিয়ার বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, বিস্ফোরণের পর তিশরিন বিদ্যুৎকেন্দ্র এলাকায় আগুন জ্বলতে থাকে এবং বিশেষায়িত দল আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। তিনটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে নির্ধারিত লোডশেডিংয়ের সময় বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে এর দুই দিন আগে পূর্ব সিরিয়ার আল-শোলা ও দেইর আল-জোরের মধ্যবর্তী একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় দেশটির রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানি নাশকতার অভিযোগ করেছিল। ওই ঘটনায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে এবং বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়ে।

এখন পর্যন্ত এসব হামলা ও বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা