কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মহাকাশ বাহিনীর উন্নত ও দেশীয় প্রযুক্তিতে তৈরি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করার পর ভূপাতিত করা হয়েছে।
আইআরজিসির দাবি, হরমুজ প্রণালির আকাশে মার্কিন সামরিক বাহিনীর আরও একটি এমকিউ-১ ড্রোন শনাক্ত করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন বিমান ও নৌবাহিনী বহু বছর আগেই এমকিউ-১ প্রিডেটর ড্রোনের ব্যবহার বন্ধ করে এর পরিবর্তে বড় ও আধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহার শুরু করে।
তবে ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি, আঞ্চলিক সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর এমকিউ-৯ রিপার বহরের একটি বড় অংশ ধ্বংস হওয়ার পর পুরোনো এমকিউ-১ প্ল্যাটফর্ম পুনরায় সক্রিয় করা হয়েছে।
তবে ড্রোন ভূপাতিতের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। এর আগে চলতি মাসেও হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল ইরানের সামরিক বাহিনী।
হরমুজ প্রণালি ঘিরে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র। চলমান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সূত্র: রয়ানিউজ