Home আজকের মিল্লাত ইরান সংঘাতের পরবর্তী কৌশল নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

ইরান সংঘাতের পরবর্তী কৌশল নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

A+A-
Reset

ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরবর্তী পদক্ষেপ ও যুদ্ধ-পরবর্তী কৌশল নিয়ে আলোচনার জন্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে। পরে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য বৈঠকে মূলত যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা হতে পারে। ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি বিস্তৃত ‘পরবর্তী দিনের কৌশল’ প্রণয়নের কাজ করছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এই কৌশল চূড়ান্ত রূপ পেতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।

বৈঠকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের রাষ্ট্রপ্রধান অথবা পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া বৈঠকের পরিধি আরও বাড়িয়ে অন্যান্য আরব ও মুসলিম দেশগুলোর নেতাদেরও এতে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বুধবার থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রাথমিক আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো বৈঠকের সময়সূচি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে এক্সিওস।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা