বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে রাশিয়ার ডিজেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আয়ারল্যান্ড সফর শেষে এয়ার ফোর্স ওয়ান বিমানে করে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার জ্বালানি উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়।
ট্রাম্প বলেন, ‘ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে আমার মূল সমস্যা হলো, বিশ্ববাজারে ডিজেলের বড় একটি অংশ আসে রাশিয়া থেকে। অথচ ইউক্রেন সেই রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতেই হামলা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে ডিজেল উৎপাদনকারী প্ল্যান্ট ও শোধনাগারগুলোতে হামলা না করার জন্য অনুরোধ করেছি।’
রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে ডিজেল সরবরাহ কঠিন হয়ে পড়ায় এর দাম বাড়ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার সতর্কবার্তা, জ্বালানি সরবরাহে এ ধরনের বিঘ্ন পুরো বিশ্বকেই ক্ষতিগ্রস্ত করতে পারে এবং পরিস্থিতির অবনতি ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সূত্র: আনাদোলু এজেন্সি