ফারুক আহমদ, (স্টাফ রিপোর্টার) :
গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাটে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় শতাধিক স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। হঠাৎ পরিচালত এ অভিযানে মালামাল ও পুঁজি হারিয়ে রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ভূঁইয়া শিশিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সরেজমিনে দেখা যায়, বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মহাসড়কের পূর্ব ও পশ্চিম উভয় পাশের দোকানপাটগুলো মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়।
হঠাৎ এই ভাঙচুরে কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। কান্নায় ভেঙে পড়ে একাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, মহাসড়ক বা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা অন্যায়—সেটি তাঁরাও মানেন। তবে যেসব দোকান মহাসড়ক কিংবা ফুটপাত থেকে বেশ দূরে ছিল, সেগুলোকেও কোনো ধরনের সুযোগ না দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, তাঁদের সরাতে অন্তত কিছুটা সময় বা সুনির্দিষ্ট নোটিশ দেওয়া হলে তাঁরা অন্তত দোকান থেকে মালামাল ও মালামাল বিক্রির পুঁজিটুকু নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পারতেন। পূর্বঘোষণা ছাড়া পরিচালিত এ অভিযানে সর্বস্ব হারিয়ে এখন তাঁরা পথের ফকির।
উচ্ছেদ অভিযানের বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ভূঁইয়া শিশির জানান, মহাসড়কের দুই পাশে অবৈধ দোকানপাট না থাকলে সাধারণ মানুষ ও যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।