সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা।
বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ দাবি করেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে।
তিনি জানান, ইয়েমেনে সামরিক অভিযান পরিচালনায় ব্যবহৃত ওই ঘাঁটির কমান্ড সেন্টার ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে কিছু জানাননি তিনি।
হুথিদের সামরিক মুখপাত্রের দাবি, ওই সামরিক ঘাঁটি থেকে ইয়েমেনের ভূখণ্ড ও জনগণের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছিল। এর জবাব হিসেবেই সৌদি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
গত সপ্তাহ থেকেই সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত ইয়েমেন সরকারের অনুগত বাহিনীর সঙ্গে হুথিদের নতুন করে তীব্র সংঘাত শুরু হয়েছে।
সৌদির তেল পাইপলাইনে পৃথক ড্রোন হামলা
হুথিদের সামরিক তৎপরতা বাড়ার মধ্যেই সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ অপরিশোধিত তেল পাইপলাইনে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের বন্দর দিয়ে সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প পথ এই পাইপলাইন। হামলার পর পাইপলাইনটির মাধ্যমে তেল পরিবহন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।
হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র
এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হুথিরা সরাসরি ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আমাদের সঙ্গে কোনো লড়াই করতে চায় না। তারা চায় আমরা যেন তাদের অভিযানে কোনো সামরিক হস্তক্ষেপ না করি।’
তেল পাইপলাইনে হামলায় ইরানের সংশ্লিষ্টতার ইঙ্গিত ট্রাম্পের
অন্যদিকে সৌদি আরবের প্রধান তেল পাইপলাইনে ড্রোন হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অঞ্চলটিতে অস্থিতিশীলতা বাড়াতে তেহরান এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
তবে সৌদি সামরিক ঘাঁটি ও তেল পাইপলাইনে হামলার বিষয়ে সৌদি আরব বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।