হরমুজ প্রণালীতে দুটি মার্কিন নৌযান ও আটটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন বাহিনীর পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে মার্কিন বাহিনীকে ‘আমেরিকান সন্ত্রাসী বাহিনী’ হিসেবে উল্লেখ করা হয়।
আইআরজিসি আরও দাবি করেছে, মার্কিন উসকানি ও সহায়তায় হরমুজ প্রণালীর ‘নিষিদ্ধ ও বিপজ্জনক অঞ্চল’ অতিক্রমের চেষ্টা করা আরও ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী এখনো ইরানের ‘শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি এবং নিয়ন্ত্রণের’ আওতায় রয়েছে।
তবে আইআরজিসির দাবি করা হামলায় মার্কিন নৌযান ও তেলবাহী ট্যাংকারগুলোর কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এসব দাবির স্বাধীনভাবে যাচাইও করা সম্ভব হয়নি।
এর আগে ইরানি পাঁচটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে সামরিক উত্তেজনা আরও বেড়েছে।
সূত্র: আল জাজিরা