পরবর্তী প্রজন্মের ৬জি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের উন্নয়ন ও কার্যকারিতা ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিয়েছে ভারত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রযুক্তিগত সহযোগিতা, উদ্ভাবন ও নেটওয়ার্ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশের জোটে যুক্ত হয়েছে নয়াদিল্লি।
জি২০ উদ্ভাবন মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক ও ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সোমবার মার্কিন বাণিজ্য বিভাগ ৬জি অংশীদারত্বে ভারতের যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো ভবিষ্যৎ টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের উন্নয়ন এমনভাবে করা, যাতে তা সদস্য দেশগুলোর যৌথ নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এর ফলে ৬জি প্রযুক্তির বৈশ্বিক মান নির্ধারণের ক্ষেত্রেও ভারত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রাখার সুযোগ পাবে।
উত্তর ক্যারোলিনার চ্যাপেল হিলে ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত জি২০ উদ্ভাবন মন্ত্রীদের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জিতিন প্রসাদ। প্রতিনিধি দলে ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (MeitY) যুগ্ম সচিব অজিত কুমারসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং শিল্প পুনর্গঠন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
বৈঠক শেষে সদস্য দেশগুলো একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। এতে উদীয়মান প্রযুক্তি কীভাবে অর্থনৈতিক সমৃদ্ধি ও নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে, তা তুলে ধরা হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অবকাঠামোর মতো কৌশলগত খাতে ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তিগত অংশীদারত্বের ক্ষেত্রে ৬জি জোটে এই সংযোজন নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: টাইমস নাউ