ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দুটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিগুলোতে তাকে যুক্তরাষ্ট্রের একটি আটককেন্দ্রে দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রোববার (৩০ আগস্ট) প্রকাশিত ছবিগুলো গত ২৫ জুন তোলা বলে জানা গেছে।
ছবিগুলোতে মাদুরোকে ধূসর ট্র্যাকস্যুট পরা অবস্থায় দুই হাতে ভি-চিহ্ন দেখাতে দেখা যায়। যুক্তরাষ্ট্রে আটকের পর প্রকাশ্যে আসা এটি তার প্রথম ছবি। ছবিতে তাকে আগের তুলনায় বেশ কিছুটা ওজন কমানো অবস্থায় দেখা গেছে।
এর আগে জানুয়ারিতে কারাকাসে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদের নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়। মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তবে তারা এসব অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্প্যানিশ ভাষায় দেওয়া এক বার্তায় মাদুরো বলেন, ‘আমার সব নাতি-নাতনি, ছেলে-মেয়ে এবং যারা আমাদের ভালোবাসেন, সেই সব ভালো মানুষের জন্য ছোট্ট উপহার হিসেবে আমি এই ছবিগুলো পাঠাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমি চাই আপনারা জানুন যে আমরা দৃঢ় আছি। আমাদের হৃদয় আপনাদের ভালোবাসায় পরিপূর্ণ।’
মাদুরো বলেন, ‘আমরা শক্ত, শান্ত ও আত্মবিশ্বাসী থাকব। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর ব্যবস্থা করবেন। ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে।’
ছবির টাইমস্ট্যাম্প অনুযায়ী, দুটি ছবিই ২৫ জুন তোলা হয়েছিল। তবে সেগুলো সত্যিই আটককেন্দ্রে তোলা কি না এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এএফপি জানিয়েছে, ছবিগুলোর সত্যতা এবং সেগুলো প্রকাশের অনুমতি দেওয়া হয়েছিল কি না, তা জানতে সংশ্লিষ্ট আটককেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
মাদুরোর এই বার্তা প্রকাশের দুই দিন আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির তেলক্ষেত্র পরিচালনায় যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দেন।