Home আজকের মিল্লাত পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চান ল্যাভরভ

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চান ল্যাভরভ

A+A-
Reset

পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ স্থিতিশীলতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ল্যাভরভের বক্তব্যের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (এমজিআইএমও) শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ বলেন, পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করা আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক পদক্ষেপ হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ২০ বছর আগে আরব রাজতন্ত্র ও ইরানসহ উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি যৌথ নিরাপত্তা কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছিল মস্কো। আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে সম্পৃক্ত করে উপসাগরীয় অঞ্চলের জটিল নিরাপত্তা পরিস্থিতির সমাধান সম্ভব বলেও মনে করে রাশিয়া।

ল্যাভরভ বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর আঞ্চলিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। এর আগে চীন ও রাশিয়ার সক্রিয় মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রস্তাবিত ‘মক্কা চুক্তি’র প্রসঙ্গ টেনে ল্যাভরভ বলেন, এটি যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট গঠনের একটি রূপরেখা হতে পারে। মিশর ও আলজেরিয়ার মতো দেশগুলোর পাশাপাশি ইরানকেও এই প্রক্রিয়ায় যুক্ত করার সুযোগ তৈরি করা গেলে তা রাশিয়ার প্রস্তাবিত নিরাপত্তা কাঠামোর সবচেয়ে কার্যকর বাস্তবায়ন হবে।

তবে এ উদ্যোগে রাশিয়া কোনো নেতৃত্বস্থানীয় ভূমিকা দাবি করবে না বলেও স্পষ্ট করেন ল্যাভরভ।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা