Home আজকের মিল্লাত মিয়ামি বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়ে অ্যামাজনের কার্গো বিমানের দুর্ঘটনা, নিহত ৫

মিয়ামি বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়ে অ্যামাজনের কার্গো বিমানের দুর্ঘটনা, নিহত ৫

A+A-
Reset

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে দুর্ঘটনার শিকার হয়েছে অ্যামাজন প্রাইম এয়ারের একটি পণ্যবাহী বিমান। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে জাপান টাইমস।

মিয়ামি-ডেড ফায়ার চিফ রে জাদাল্লাহ রোববার এক সংবাদ সম্মেলনে জানান, ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী দুপুর ২টার কিছু আগে প্রাইম এয়ারের ‘৭৫৯৮’ নম্বর ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে। পরে বিমানটি মাটিতে থাকা একাধিক যানবাহনের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুর্ঘটনার পর বিমানের ভেতরে আটকে পড়া পাইলট ও কো-পাইলটসহ অন্যান্য ব্যক্তিকে উদ্ধারে ৬০টির বেশি উদ্ধারকারী ইউনিট ও প্রায় ২০০ জন কর্মী কাজ করেন। এ সময় দুর্ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হয়।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মিয়ামির উদ্দেশে এসেছিল। রানওয়ে অতিক্রম করার সময় বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ২০৭ কিলোমিটার বা ১১২ নট।

দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল ৩২ বছর পুরোনো বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেটার। ‘২১ এয়ার’ নামের একটি কার্গো এয়ারলাইন অ্যামাজনের হয়ে বিমানটি পরিচালনা করছিল।

দুর্ঘটনার পর অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টেল এবং ২১ এয়ার কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা।

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সংস্থাটির সভাপতি জেনিফার হোমেনডির নেতৃত্বে একটি তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ করছে। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ২১ এয়ারও সরকারি তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেক্সাসের ট্রিনিটি বে এলাকায় অ্যামাজন প্রাইম এয়ারের একই মডেলের একটি বোয়িং ৭৬৭-৩০০ বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। ওই ঘটনায় বিমানের তিন সদস্যের ক্রু নিহত হন।

সূত্র: রয়টার্স, জাপান টাইমস

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা