কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে প্রণালিটির দক্ষিণ অংশে অতিরিক্ত নৌ মাইন স্থাপনের দাবি করেছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। যুক্তরাষ্ট্রের দাবিকে সরাসরি নাকচ করেছেন সংস্থাটির মুখপাত্র।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের এই বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, গত রাতের অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের ‘অবৈধ রুটগুলোতে’ আরও নৌ মাইন স্থাপন করা হয়েছে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে প্রকাশিত মানচিত্র ও ছবির প্রসঙ্গ টেনে জোলফাগারি বলেন, ‘এর জবাবে সেন্টকম কেবল ফটোশপ ব্যবহার করে প্রণালিটির নাম পরিবর্তন করতে পেরেছে।’
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জলপথটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করে প্রকাশিত মানচিত্র ও ছবির প্রতি ইঙ্গিত করে তিনি আরও ব্যঙ্গ করে বলেন, ‘সমস্যার সমাধান হয়ে গেছে! এখন থেকে তেলবাহী জাহাজগুলো পার করার জন্যও আপনারা ফটোশপ ব্যবহার করতে পারেন!’
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালিটিতে নৌ মাইন স্থাপনের দাবি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌ চলাচল নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই