ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯বি সি গার্ডিয়ান ড্রোন ইজারা নিচ্ছে ভারত। দুই বছর ছয় মাসের জন্য এসব ড্রোন ইজারা নিতে প্রায় ১ হাজার ৯৪৩ কোটি রুপির চুক্তি করেছে দেশটি।
সোমবার (১৭ আগস্ট) এ চুক্তি সম্পন্ন হওয়ার তথ্য জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্যাধুনিক সেন্সর ও বিভিন্ন আধুনিক সরঞ্জামে সজ্জিত এসব দূরনিয়ন্ত্রিত ড্রোন ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে সার্বিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশাল সমুদ্র এলাকায় দীর্ঘ সময় ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও নজরদারি চালানোর সক্ষমতার কারণে ভারত মহাসাগরীয় অঞ্চলে যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়বে বলে মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ।
এই সাময়িক ইজারা ব্যবস্থা মূল ড্রোনগুলো হাতে পাওয়ার আগ পর্যন্ত ভারতের অন্তর্বর্তীকালীন চাহিদা পূরণ করবে।
এর আগে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা মূল চুক্তির আওতায় ভারত মোট ৩১টি এমকিউ-৯বি ড্রোন কেনার প্রক্রিয়া চূড়ান্ত করে। বিলিয়ন ডলারের ওই চুক্তি অনুযায়ী, ভারতীয় নৌবাহিনী ১৫টি সি গার্ডিয়ান এবং সেনাবাহিনী ও বিমানবাহিনী আটটি করে স্কাই গার্ডিয়ান ড্রোন পাবে।
মূল ক্রয়চুক্তিতে উন্নত ক্ষেপণাস্ত্র, লেজার-নির্দেশিত বোমা ও আধুনিক নজরদারি ব্যবস্থা সরবরাহের বিষয়ও রয়েছে। পাশাপাশি ভারতে এসব সরঞ্জামের স্থানীয় রক্ষণাবেক্ষণ ও মেরামতের কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এমকিউ-৯বি সি গার্ডিয়ান ড্রোন বেসামরিক ও সামরিক—উভয় ধরনের আকাশসীমায় নিরাপদে পরিচালনা করা যায়। একই সঙ্গে এটি একটানা ৩০ ঘণ্টারও বেশি সময় নজরদারি চালাতে সক্ষম।
ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামুদ্রিক উপস্থিতি বৃদ্ধি এবং বিস্তৃত সমুদ্রসীমায় নজরদারি জোরদারের প্রয়োজনীয়তার মধ্যে ভারতের এই ড্রোন ইজারা নেওয়ার উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া