Home আজকের মিল্লাত ভারতের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদ দিল নেপাল

ভারতের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদ দিল নেপাল

A+A-
Reset

ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ভারতের সেনাপ্রধানের হাতে এ সম্মানসূচক পদমর্যাদা তুলে দেন।

চার দিনের সরকারি সফরে রোববার নেপালে পৌঁছান জেনারেল ধীরাজ শেঠ। নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন।

সম্মানসূচক পদমর্যাদা প্রদান অনুষ্ঠানের পাশাপাশি নেপাল সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন ধীরাজ শেঠ। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

ভারত ও নেপালের মধ্যে ১৯৫০ সাল থেকে একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার ঐতিহ্য চলে আসছে। দীর্ঘদিনের এ রীতি দুই প্রতিবেশী দেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, জেনারেল ধীরাজ শেঠের নেপাল সফরের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের সামরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়টি পুনর্ব্যক্ত হয়েছে।

সফরকালে নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ভারতের সেনাপ্রধান। পরে নেপাল সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি এবং সেখানে গার্ড অব অনার পরিদর্শন করেন।

নেপাল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের সেনাপ্রধানের এ সফর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মানসূচক পদমর্যাদা প্রদান, সামরিক বৈঠক, কূটনৈতিক আলোচনা এবং সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরের মধ্য দিয়ে ভারত-নেপাল দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতা আরও একবার সামনে এসেছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা