প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসে দেশের ‘নতজানু পররাষ্ট্রনীতির’ অবসান হয়েছে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এখন ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, গত ছয় মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এখন আর কারও হস্তক্ষেপের সুযোগ নেই।
তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করেছে। পাশাপাশি রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের প্রতি গত ছয় মাসে জনগণের ‘অভূতপূর্ব সমর্থন’ পাওয়া গেছে দাবি করে প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনি ইশতেহারে দেওয়া কর্মসূচিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে।
মাহদী আমিন জানান, গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে ২০০টি ইলেকট্রনিক বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া অর্থনীতিতে সংস্কারের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও অনেকটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার কাজ চলছে। দায়িত্ব গ্রহণের ছয় মাসে সরকার মানুষের বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে বলেও দাবি করেন তিনি।