Home আজকের মিল্লাত অস্ট্রেলিয়াকে চাপে ফেলে নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি

A+A-
Reset

ডারউইন টেস্টের তৃতীয় দিনেও দাপট ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। দলীয় ৭৩ রানেই অস্ট্রেলিয়ার টপ অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে চালকের আসনে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের এমন দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। তাঁর মতে, টেস্টের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। একই সঙ্গে এই ম্যাচে বাংলাদেশি পেসার নাহিদ রানাকে মিস করছেন বলেও জানিয়েছেন সাবেক এই অজি তারকা।

বাংলাদেশের পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করে গিলেস্পি বলেন, ‘হাসান ৫৫ রানে ৬ উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। সে এটার প্রাপ্য ছিল, কারণ দারুণ বল করেছে। এবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও।’

বাংলাদেশের বোলারদের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তারা এত ভালো বল করেছে যে অস্ট্রেলিয়াকে দুইশর নিচে আটকে দিয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা অনেক ভালো বল করেছে। দ্বিতীয় ইনিংসেও তারা ভালো শুরু পেয়েছে। প্রথম ইনিংসটি অসাধারণ ছিল।’

এদিকে নাহিদ রানার অনুপস্থিতির কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন গিলেস্পি। চোটের কারণে এই টেস্টে না থাকা তরুণ পেসারের প্রশংসা করে তিনি বলেন, ‘নাহিদকে দেখতে পেলে ভালো হতো। সে অসম্ভব গতি ও আগ্রাসন নিয়ে বল করে। অনেক লম্বা একজন ফাস্ট বোলার। সম্ভবত সাইড স্ট্রেইনের চোটে ভুগছে। আশা করি, সে দ্রুত সেরে উঠবে।’

গিলেস্পির মন্তব্যে স্পষ্ট, বাংলাদেশের পেস আক্রমণের গভীরতা ও সামর্থ্য অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও নজর কেড়েছে। নাহিদ রানা না থাকলেও হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা