দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অবশেষে বিয়েতে গড়িয়েছে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের। প্রায় এক দশকের সম্পর্ককে পরিণতি দিয়ে জর্জিনাকে বিয়ে করেছেন রোনালদো। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার জন্ম নেওয়া জর্জিনার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেন পর্তুগিজ এই ফুটবল তারকা।
পর্তুগিজ সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় গত রাতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিশেষ এই দিনে উপস্থিত ছিলেন তাঁদের পাঁচ সন্তানও।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর নিজের হাত রেখেছেন তিনি। দুজনের হাতেই ছিল বিয়ের আংটি। ছবির ক্যাপশনে ‘সি’ ও ‘জি’ লিখে মাঝখানে ভালোবাসার ইমোজি দেন রোনালদো। পোস্ট করার মাত্র ৩০ মিনিটের মধ্যেই ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।
এর আগে গত বছরের ১১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে বাগদানের খবর জানিয়েছিলেন রোনালদো ও জর্জিনা। সে সময় বড় একটি আংটির ছবি দিয়ে স্প্যানিশ ভাষায় জর্জিনা লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই।’
বাগদানের এক বছর পূর্তির সময়ই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই জুটি। দীর্ঘদিনের সম্পর্কের পর তাঁদের জীবনের নতুন অধ্যায় ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।
কয়েক দিন আগে রোনালদো ও জর্জিনার বিয়ের গুঞ্জনে ফুনশাল ক্যাথেড্রালে ভিড় জমিয়েছিলেন উৎসুক দর্শনার্থীরা। পরে জানা যায়, সেখানে রোনালদো-জর্জিনা নয়, অন্য এক যুগলের বিয়ের আয়োজন ছিল।
বিষয়টি স্পষ্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছিল ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ। সেই পোস্টে রোনালদোও মজার একটি ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
দীর্ঘ ২৪ বছরের পেশাদার ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা ৯৭৬। ক্লাব ফুটবলে স্পোর্তিং সিপি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
পর্তুগালের জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৩৩ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। সম্প্রতি নিজের ষষ্ঠ বিশ্বকাপেও অংশ নিয়েছেন তিনি।জর্জিনা রদ্রিগেজের জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন তিনি। সে সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন রোনালদো।
সেই সময়ই দুজনের পরিচয় ও প্রেমের সম্পর্কের শুরু। এরপর প্রায় এক দশক একসঙ্গে পথচলার পর অবশেষে বিয়ের মাধ্যমে সম্পর্ককে নতুন পরিণতি দিলেন রোনালদো ও জর্জিনা।