ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ২৮ জন। শনিবার (১ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানায়, আহতদের মধ্যে শিশুও রয়েছে। সাম্প্রতিক সময়ে কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জরুরি ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
এই হামলার মাত্র দুই দিন আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় একটি সন্দেহভাজন রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে গিয়ে পড়ে। ওই হামলায় অন্তত আটজন নিহত হন, যার মধ্যে একই পরিবারের ছয় সদস্য ছিলেন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় ১০টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর শহরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, শেভচেঙ্কিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়ে, ফলে কয়েকজন বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েন।