সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সোয়া ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন এ তথ্য জানান।

গণমাধ্যমকে তিনি বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও জানান মো. মনির হোসেন।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ