Home জাতীয় আল বারাকা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ দুজনের মৃত্যু

আল বারাকা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ দুজনের মৃত্যু

A+A-
Reset

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ১৪ তলা ভবনটির ১২ তলায় আগুন লাগে। পরে আগুন ১১ ও ১৩ তলায় ছড়িয়ে পড়ে। এতে ভবনের বিভিন্ন তলায় থাকা বাসিন্দারা আটকা পড়েন।

ভবনের বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও যে তলায় আগুন লাগে, সেখানে কয়েকজন আইনজীবীর চেম্বার ছিল। আগুনের সময় সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধার চেয়ে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ‘ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এ ছাড়া আবাসিক ভবনে নিয়মবহির্ভূতভাবে অফিস ভাড়া দেওয়া হয়েছিল।’

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা