Home বিনোদন চার সিনেমা নিয়ে সিনেপ্লেক্সের ‘সামার বাংলা হিট ফেস্ট’

চার সিনেমা নিয়ে সিনেপ্লেক্সের ‘সামার বাংলা হিট ফেস্ট’

A+A-
Reset

দেশীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে স্টার সিনেপ্লেক্স। বাংলা সিনেমার সাম্প্রতিক সময়ের আলোচিত চারটি চলচ্চিত্র নিয়ে আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘সামার বাংলা হিট ফেস্ট’।

২৫ জুন পর্যন্ত দেশের সব স্টার সিনেপ্লেক্স শাখায় দর্শকরা উপভোগ করতে পারবেন ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’।

উৎসবে প্রদর্শিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশনধর্মী ‘বরবাদ’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। মুক্তির পর ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ও থাকছে এই উৎসবে।

মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, প্রতিশোধ ও থ্রিলারে ভরপুর সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর, সিয়াম আহমেদসহ আরো অনেকে। অন্যদিকে ‘বনলতা এক্সপ্রেস’-এ দেখা যাবে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, বাঁধন, সাবিলা নূরসহ আরো অনেককে।

এ ছাড়া তানিম নূর পরিচালিত পারিবারিক আবহের ‘উৎসব’ এবং হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ও প্রদর্শিত হবে। ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মানসহ একঝাঁক তারকা।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের বাড়তে থাকা আগ্রহ ও ভালোবাসাকে উৎসাহিত করতেই এই বিশেষ আয়োজন। তাদের বিশ্বাস, সাম্প্রতিক সময়ে দেশীয় সিনেমার যে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, এই উৎসব সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু বাংলা চলচ্চিত্র উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পরিবার নিয়ে এখন অনেকেই হলে আসছেন সিনেমা দেখতে।

এটা আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য খুবই আশাব্যঞ্জক। দেশের সিনেমার প্রতি দর্শকদের কৌতূহল দেখেই মূলত আমরা এই উৎসবের আয়োজন করেছি। আমরা চাই মানুষ বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুক। সেই সুযোগটা করে দিচ্ছি আমরা। ‘সামার বাংলা হিট ফেস্ট’ গরমের এই মৌসুমে দর্শকদের যেমন সুস্থ বিনোদনের সুযোগ করে দেবে, তেমনি দেশীয় চলচ্চিত্রের যে জোয়ার সৃষ্টি হয়েছে, সেটি আরো বেগবান হবে বলে আমাদের বিশ্বাস। আমরা সব সময় দর্শকদের রুচিশীল সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই ৪টি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে এবং ‘সামার বাংলা মুভি ফেস্ট’ বাংলা সিনেমাকে একটা নতুন মাত্রা দেবে।’

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সব শাখায় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। আগ্রহীরা সিনেপ্লেক্সের কাউন্টার কিংবা অফিশিয়াল ওয়েবসাইট থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা