তাপপ্রবাহ চলবে আরও ২ থেকে ৩ দিন : আবহাওয়া অধিদপ্তর

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

সারাদেশের ওপর দিয়ে বয়ে চলা চলমান তাপপ্রবাহ আরও ২ থেকে ৩ দিন থাকতে পারে। আর দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।

এ আবহাওয়াবিদ বলেন, জুন মাসে সারাদেশের ওপর দিয়ে আরও ২ থেকে ৩টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। তবে জুনের দ্বিতীয় সপ্তাহে সারাদেশে বৃষ্টি হতে পারে। পরবর্তীতে আবারও দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে বর্তমানে দেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ চলছে। আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। এ অবস্থায় জনজীবন প্রায় নাজুক অবস্থায়।

এর আগে এদিন সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ