ওয়াকিমুলের বানানো গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিশেষ চাহিদা সম্পন্ন কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের নিজের হাতে তৈরি স্মার্ট গাড়িতে চড়েন। শুধু তাই নয়, ওয়াকিমুলের বানানো খোলা কারে বসে তার কাছ থেকে জানলেন নানা তথ্য।

শনিবার (৯ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুলকে ডেকে পাঠানো হয়। সেখানে তার তৈরি গাড়িতে বসে ওয়াকিমুলের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, ছোট্ট গাড়িটি চালাচ্ছেন ওয়াকিমুল, আর পাশে বসে আছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী গাড়িটির নির্মাণ প্রক্রিয়া, আরও উন্নত করার সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত জানতে চান তার কাছে। জবাবে ওয়াকিমুল জানান, গাড়িটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, মাত্র ৫০ শতাংশ শেষ হয়েছে।

এ সময় ওয়াকিমুলের বাবাও প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন।

ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

ওয়াকিমুল ইসলাম জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়া বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন।

ওয়াকিমুল ইসলামের সঙ্গে এসেছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, গাড়িটি বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।

প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ