সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল শুনানি-নিষ্পত্তির সময় জানালো ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির সময় জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়েছে, ‘রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর মেমোরেন্ডাম আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) আপিল দায়ের করতে পারবেন।’

আজ থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।

আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

নির্বাচন কমিশন বরাবর দায়েরকৃত আপিল আবেদনসমূহের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেইজমেন্ট-২) এ অনুষ্ঠিত হতে পারে। ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন।

১০ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে ১ থেকে ৭০ নম্বর আপিল শুনানি হবে। ১১ জানুয়ারি ৭০ থেকে ১৪০ নম্বর আপিল, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ নম্বর আপিল, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ নম্বর আপিল এবং ১৮ জানুয়ারি ৫৬১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া, আপিলের রায়ের অনুলিপি সিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক হতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।

১০, ১১ ও ১২ জানুয়ারির রায়ের অনুলিপি ১২ জানুয়ারি দেওয়া হবে। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারির রায়ের অনুলিপি ১৫ জানুয়ারির দেওয়া হবে। এছাড়া ১৬, ১৭ ও ১৮ জানুয়ারির রায়ের অনুলিপি ১৮ জানুয়ারির দেওয়া হবে।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ