ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ আসনের পর এবার ঢাকা-১৭ আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে এই ঘোষণা দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা-১৭ আসনে জমা পড়া ১৭টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিধি মোতাবেক বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী তারেক রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানসহ ১০ জনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। তাছাড়া বিভিন্ন কারণে সাত জনের মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে প্রার্থীর নাম ঘোষণাকালে তারেক রহমানের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এর আগে আজ সকালে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। এই ঘোষণার ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে এই দু’টি আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল (৪ জানুয়ারি) পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ