আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে আমদানির ক্ষেত্রে অগ্রিম অর্থ দেওয়ার সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৩ সেপ্টেম্বর) ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে আমদানিকারকেরা ‘রিপেমেন্ট গ্যারান্টি’ ছাড়াই সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম অর্থ পরিশোধ করতে পারবেন। আগে এ সীমা ছিল ১০ হাজার ডলার।
একই সঙ্গে রপ্তানিকারকদের ‘রিটেনশন কোটা হিসাব’ থেকে অগ্রিম অর্থ দেওয়ার সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকদের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে। সীমা বাড়ায় অগ্রিম অর্থ দেওয়া দ্রুত ও কম খরচে সম্পন্ন করা যাবে। ফলে সময় ও বাড়তি ব্যয়- উভয়ই হ্রাস পাবে।
ব্যাংকারদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নীতির এ নমনীয়তা সময়োপযোগী পদক্ষেপ। এটি শুধু বাণিজ্য ব্যয় কমাবে না, বরং দেশের সামগ্রিক বাণিজ্য দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।