শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৫৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা থানা এলাকায় আকাশ নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন বলে আজ বাসসকে নিশ্চিত করেছেন বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই জাকির হোসেন।

এ মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন-সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন আকাশ। এদিন পুলিশ ও আওয়ামী লীগ গুলি চালালে আকাশ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

চলতি বছরের ২২ এপ্রিল শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৫৭ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ