রাজধানীর আফতাবনগর ও বনশ্রীবাসীর চাহিদায় ৩ সেতু নির্মাণ করছি

রাজধানীর আফতাবনগর ও বনশ্রী এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে নড়াই নদীর ওপর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সেতু নির্মাণ করছে। জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আফতাবনগরে তিনটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এজাজ এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আফতাবনগরে ভবিষ্যতে যানবাহনের চাপ বাড়বে। সেই চাপ সামলাতে এ সেতু নির্মাণ করা হচ্ছে। একইসঙ্গে প্রগতি সরণি হয়ে রামপুরার যানজট নিরসন ও মেট্রোরেল প্রকল্পের কাজ চলার সময় মানুষের চলাচলের বিড়ম্বনা কমানোর জন্য এ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএনসিসি প্রশাসক জানান, নির্মাণ শেষ হলে দুটি সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। অপর সেতুটি হেঁটে পারাপারের জন্য ব্যবহার করা হবে। বাংলাদেশ নৌবাহিনীর কারিগরি সহায়তায় সেতুগুলো নির্মাণ করা হবে।

এজাজ বলেন, ‘আমরা যেসব অবকাঠামোগত উন্নয়নকাজ করছি, তা নাগরিকদের প্রতি কোনো অনুগ্রহ নয়, বরং এটি তাদের অধিকার। এ অধিকার বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব। নাগরিক সমস্যার দ্রুত সমাধানে গণশুনানির মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি। যদিও কাউন্সিলর না থাকায় সেবা দিতে আমাদের বাড়তি চাপ নিতে হচ্ছে।’

প্রশাসক নগরবাসীকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স দিতে উৎসাহিত করে বলেন, সঠিকভাবে হোল্ডিং ট্যাক্স দিলে দ্রুত ও কার্যকরভাবে নাগরিক সমস্যার সমাধান করা যাবে।

পরিকল্পিত নগরায়ণের পথে হাউজিং সোসাইটিগুলোর কার্যক্রম অন্তরায় সৃষ্টি করছে বলে উল্লেখ করেন এজাজ। তিনি বলেন, ‘ঢাকার বড় সংকট হলো হাউজিং খাতে আমরা ন্যূনতম মান বজায় রাখি না। এর ফলে নগরায়ণ হচ্ছে অপরিকল্পিতভাবে। এ সমস্যা মোকাবিলায় লোকাল এরিয়া অ্যাকশন প্ল্যান তৈরি করছি, যাতে ভবিষ্যতের ঢাকায় খেলার মাঠ, পাবলিক স্পেস ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়।’

শহর উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করে ডিএনসিসি প্রশাসক বলেন, শহর গড়ে উঠেছে মূলত বেসরকারি খাতের উত্থানের কারণে। তাই শহরের ন্যায্যতা রক্ষায় তাদেরও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুনুল হাসান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারওয়ার ও ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর জাহাঙ্গীর আদিল সামদানি।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ