বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে জ্বালানির এ চালানটি। এটি মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আসা ডিজেলের ৭২তম চালান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ চালানটির সরবরাহ গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর শেষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম।

২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে পাইপলাইনটির কার্যক্রম শুরু হয়। চালুর পর থেকে সর্বশেষ চালানসহ এ পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে।

চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও এর প্রভাবে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হলে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করে বাংলাদেশ। এরপর এপ্রিল, মে ও জুলাই মাসেও ভারত থেকে যথাক্রমে ২৫ হাজার, ৮ হাজার ও ৮ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করা হয়।

পরবর্তীতে গত আগস্টে দেশে অতিরিক্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারতের কাছে অনুরোধ জানায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সর্বশেষ প্রায় ৪ হাজার মেট্রিক টনের এই চালান দেশে পৌঁছেছে।

মৈত্রী পাইপলাইনের মাধ্যমে তুলনামূলক দ্রুত সময়ে ডিজেল পরিবহনের ফলে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।