তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ শহর মারদিন পরিদর্শনের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার এক পর্যটক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরতুকলু জেলা মুফতির কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শেভন নামের ওই পর্যটক মারদিন ভ্রমণের সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে জেলা মুফতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার ইসলাম গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি আরতুকলু জেলার মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এ সময় শেভন ইসলামের মৌলিক বিশ্বাসের ঘোষণা ‘শাহাদা’ পাঠ করে আনুষ্ঠানিকভাবে মুসলিম হন।
ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রাখেন ‘আবদুল্লাহ’। অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান তাকে পবিত্র কুরআনের একটি কপি উপহার দেন।
শত শত বছরের পুরোনো স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন এবং বিভিন্ন সভ্যতার সাংস্কৃতিক মেলবন্ধনে সমৃদ্ধ মারদিন তুরস্কের অন্যতম আকর্ষণীয় পর্যটন শহর। দেশি-বিদেশি পর্যটকদের কাছে শহরটি দীর্ঘদিন ধরেই জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে পরিচিত।
সূত্র: আনাদোলু এজেন্সি