Home আজকের মিল্লাত শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

A+A-
Reset

সীমান্তের ওপার থেকে নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শ্রমিক অসন্তোষ নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে অনেকে ইন্ধন জোগাচ্ছে। এর উদ্দেশ্য দেশে অস্থিরতা সৃষ্টি, রপ্তানি বাণিজ্য ব্যাহত করা এবং পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত করা। এ ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

তিনি বলেন, সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অপতৎপরতা ও সহিংসতা মোকাবিলায় কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃত শ্রমিকেরা সহিংস আন্দোলনের সঙ্গে জড়িত নন। কোনো প্রকৃত শ্রমিক সংগঠনও এ ধরনের অনিয়ম ও উচ্ছৃঙ্খল আচরণের সঙ্গে সম্পৃক্ত নয়। শ্রমিকদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। এ জন্য তাঁদের প্রতিনিধিদের নাম জমা দেওয়া হয়েছে এবং মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমেই শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাঁদের স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কেও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা