মিল্লাত ডেস্ক: বিএনপি সরকারের বিরুদ্ধে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, ’৯৬ সালের মতোই আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী মিলে দেশে নতুন করে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপালে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের কঠোর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, “’৮৬ ও ’৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন তারা আবার এক হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।”
সম্প্রতি রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফরকালে এক যুবকের ফেসবুকে দেওয়া হত্যার হুমকির বিষয়ে তিনি বলেন, “স্নাইপার দিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি সংবলিত যে পোস্ট দেওয়া হয়েছে, তার পেছনে বিরোধী দলের ইন্ধন ও উসকানি রয়েছে। বিরোধী দলের বিতর্কিত অবস্থানের কারণেই ওই যুবক এমন দুঃসাহস দেখানোর উৎসাহ পেয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা উচিত।”
জামায়াতের আমিরের সমালোচনা করে তিনি আরও বলেন, “জামায়াতের আমির একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন। অতীতে জাসদ ছাত্রলীগ করার সময় তিনি সন্ত্রাস ও মিথ্যাচার করেছেন, জামায়াতে যোগ দেওয়ার পরও তা ছাড়েননি। তবে আওয়ামী লীগ ও জামায়াতের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু এবং কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ সুশীল সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।