দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথে পুলিশ বাধা দেওয়ার পর জোর করে প্রিজন ভ্যানে তুলে বিভিন্ন থানায় ঘোরানো হয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ওই সময় আমাদের মনে হচ্ছিল, যেন অপহরণ করা হচ্ছে।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মমতা জানান, শুক্রবার ইন্ডিয়া জোটেরও একটি কর্মসূচি ছিল। সেখানে যাওয়ার আগে বাড়ির বাইরে মোতায়েন পুলিশ সদস্যদের কাছে জানতে চেয়েছিলেন, তাদের যন্তর মন্তরে যেতে দেওয়া হবে কি না। জবাবে পুলিশ জানায়, তাদের যেতে দেওয়া হবে না। পরে পথেই তাদের আটকে দেওয়া হয়।
তিনি বলেন, যেতে বাধা দেওয়ায় বাড়ির সামনের বাসস্ট্যান্ডে ছয়জন সংসদ সদস্য বসেছিলেন। সেখানে তারা সমর্থন জানাতে গিয়েছিলেন। পরে পুলিশ এসে জানায়, একসঙ্গে তিনজনের বেশি থাকা যাবে না এবং তাদের ব্যানার সরিয়ে নিতে হবে।
মমতার ভাষ্য, এরপর মাত্র এক মিনিটের মধ্যেই পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে জোর করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের এমনভাবে নেওয়া হচ্ছিল, যেন তারা ভয়ংকর কোনো অপরাধী।
এ ধরনের অভিজ্ঞতা আগে কখনো হয়নি উল্লেখ করে মমতা বলেন, গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার পর প্রায় দুই ঘণ্টা ধরে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরানো হয়। প্রথমে একটি থানায় নেওয়া হয়, পরে আরেকটি এবং এরপর অন্য থানায় নিয়ে যাওয়া হয়।
প্রতিটি থানায় নেওয়ার পর জায়গা নেই বলে জানানো হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তাদের মনে হচ্ছিল, যেন অপহরণ করা হচ্ছে।