রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। সংস্থাটির মহাব্যবস্থাপক (জিএম) ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদমর্যাদার ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি, নতুন দপ্তরে সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সোমবার (৫ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
দাপ্তরিক আদেশ অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কার্যালয়ে সংযুক্ত থাকা বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) এবং মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ এইচ এম শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদের মূল দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাহক সেবা ও জনসংযোগ বিভাগের দ্বৈত দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে পদায়ন করা হয়েছে।
ফ্লাইট অপারেশন ও পরিকল্পনা বিভাগেও পরিবর্তন আনা হয়েছে। ক্যাপ্টেন বি-৭৮৭ শেখ আব্বাস হোসেনকে তাঁর মূল দায়িত্বের পাশাপাশি করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া উপমহাব্যবস্থাপক (হিসাব) ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এম এম আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং) পদে বদলি করা হয়েছে।
উপমহাব্যবস্থাপক প্রশাসন (মানবসম্পদ) হিসেবে দায়িত্ব পালন করা মো. ফজরুল আলমকে তাঁর মূল পদের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।
বিমানের ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কাজের স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে অবিলম্বে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।