প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ছয়টি চুক্তিতে স্বাক্ষর করেছে ইরাক ও ফ্রান্স। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভবিষ্যতে ফ্রান্স থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার জন্য একটি রূপরেখা তৈরিতে সম্মত হয়েছেন দুই নেতা। বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ইরাকের সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ফরাসি প্রতিষ্ঠান ‘হারমাটান এআই’-এর মধ্যে স্বায়ত্তশাসিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একটি আগ্রহপত্র রয়েছে।
এ ছাড়া কামান, ড্রোন প্রতিরোধী প্রযুক্তি, বিমান প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা কেনার বিষয়ে ফরাসি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা করছে বাগদাদ।
অন্যান্য চুক্তির আওতায় রয়েছে ইরাকে ফরাসি সামরিক সরঞ্জাম সরবরাহ, ফরাসি জ্বালানি প্রতিষ্ঠান ‘টোটালএনার্জিস’-এর সঙ্গে গ্যাস খাতে সহযোগিতা, বেসামরিক বিমান চলাচল, গবেষণা ও উদ্ভাবন এবং ফরাসি উন্নয়ন সংস্থার সঙ্গে অংশীদারত্ব।
আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনায় ম্যাক্রোঁ ও আলী আল-জাইদি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান। একই সঙ্গে হরমুজ প্রণালিসহ আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধে জাহাজ চলাচলের অধিকার পুনর্ব্যক্ত করেন তারা।
এদিকে, ২০২৩ সালে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারত্বের আওতায় অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছে দুই দেশ।
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি সোমবার দুই দিনের ফ্রান্স সফর শেষ করেছেন। ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে তার জার্মানি যাওয়ার কথা রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি