গত তিন বছরেরও কম সময়ের যুদ্ধে প্রায় ৩০ বছরের মজুতের সমপরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল। এতে দেশটির সামরিক বাহিনীর অস্ত্র ও রসদের মজুত দ্রুত কমে যাওয়ার পাশাপাশি সৈন্য, সামরিক সরঞ্জাম এবং অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে চলমান যুদ্ধ ও সামরিক অভিযানে ইসরায়েলের নিজস্ব অস্ত্র ও রসদের মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় সামরিক সক্ষমতা ধরে রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে উদ্বেগ বাড়ছে।
মারিভের প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, শুধু গোলাবারুদের মজুত কমে যাওয়াই নয়, সেনাসদস্যদের ওপরও যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে। যুদ্ধক্ষেত্রে হতাহতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সামরিক বাহিনীতে জনবলের চাপও বেড়েছে।
এ ছাড়া দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতির কারণে সেনাসদস্যদের মধ্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাও উদ্বেগজনক হারে বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামরিক রসদের ঘাটতি, ক্রমবর্ধমান হতাহতের সংখ্যা এবং সেনাসদস্যদের শারীরিক ও মানসিক চাপ—সব মিলিয়ে দীর্ঘ যুদ্ধ ইসরায়েলের সামরিক সক্ষমতা ও অর্থনীতির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
সূত্র: মিডল ইস্ট আই