উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভনে প্রতারিত হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া বাংলাদেশিদের একজন রাজন হোসেনকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টায় রাজনকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়। মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। তাকে উদ্ধারের পর দেশে ফেরানোর পুরো প্রক্রিয়া দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে ফিরবেন। রোববার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এদিকে উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অন্তত ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১ জুন আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) ও টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
অভিযোগ রয়েছে, এসব যুবককে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেওয়ার পর তাদের বিভিন্নভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করা হয়। তাদের মধ্যে রাজন হোসেনকে উদ্ধার করে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হলো।