প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে শুরু হওয়া ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনে ইতোমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এরপর রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। ভোট দিতে সংসদ কক্ষে প্রবেশ করলে সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
ভোট দেওয়ার পর মির্জা ফখরুল সংসদে থাকা বিরোধীদলীয় সদস্যদের সঙ্গে হাত মেলান এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংসদ কক্ষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
জাতীয় সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন। ফলে সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তবে রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় সংবিধানের বিধান অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গোপন ব্যালটে হচ্ছে না। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে নির্ধারিত ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষরের মাধ্যমে ভোট দিচ্ছেন।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। পরে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।